দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারে বার্ষিক ভ্রমণে যাওয়ার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন—যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার যাওয়ার জন্য সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এসময় বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় ২০ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৯ শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই নূর উদ্দিন বাহার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার পর শিক্ষার্থীদের স্বজন ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কেএম